আইআইটি বোম্বে চালু করল কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ‘ই-পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা’

আধুনিক কম্পিউটিংয়ে এআই-এর বাড়তে থাকা ভূমিকা এবং এআই-এর সঠিক ব্যবহারের জন্য কম্পিউটার সায়েন্সের শক্তিশালী ভিত্তির প্রয়োজনীয়তা বিবেচনা করে, আইআইটি বোম্বে এডুকেশনাল আউটরিচ কম্পিউটার সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটি ‘ই-পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা’ অফার করছে। প্রোগ্রামটির কম্পিউটার সায়েন্স ভিত্তির ওপর নির্ভর করে, এর পাঠ্যক্রমে এআই এবং মেশিন লার্নিংয়ের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আইআইটি বোম্বের শিক্ষক দ্বারা ডিজাইন ও পরিচালিত এবং এডটেক পার্টনার হিসেবে ‘গ্রেট লার্নিং’-এর সহায়তায় তৈরি এই প্রোগ্রামটি সমসাময়িক এআই ও মেশিন লার্নিংয়ের সঙ্গে কম্পিউটার সায়েন্সের সমন্বয় ঘটায়। এতে অনলাইন লার্নিংয়ের পাশাপাশি আইআইটি বোম্বে ক্যাম্পাসে সশরীরে উপস্থিত থাকার সুযোগও রয়েছে।

এর পাঠ্যক্রম দুটি ভাগে বিভক্ত— কম্পিউটার সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং। যেখানে থাকছে জেনারেটিভ এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এআই এজেন্টস, র্যা গ (RAG), এমসিপি (MCP), রিইনফোর্সমেন্ট লার্নিং, কম্পিউটার ভিশন, এনএলপি এবং ডিপ লার্নিং। কম্পিউটার সায়েন্সের বিষয়সমূহ অ্যালগরিদম ও কমপ্লেক্সিটি, ব্লকচেইন, ওয়েব ও সফটওয়্যার সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি ও নেটওয়ার্ক সিকিউরিটি এবং বিগ ডেটা সিস্টেম ইন্টারনালস। শিক্ষার্থীদের মোট ছয়টি কোর্স সম্পন্ন করতে হবে, যেখানে প্রতিটি ভাগ থেকে অন্তত দুটি করে কোর্স বেছে নেওয়া বাধ্যতামূলক। ১ বছর থেকে সর্বোচ্চ ৩ বছরের মধ্যে এই প্রোগ্রামটি শেষ করা যাবে।

আইআইটি বোম্বের সিএসই বিভাগের ই-পিজিডি কোর্স সমন্বয়কারী অধ্যাপক বিনয় জে. রিবেরো বলেন, “এই প্রোগ্রাম শিক্ষার্থীদের কেবল এআই টুল ব্যবহারে সীমাবদ্ধ না রেখে কম্পিউটার সায়েন্স ও এআই-এর মৌলিক জ্ঞান দেবে, যা এআই-কেন্দ্রিক বিশ্বে সকলকে মানিয়ে নিতে সাহায্য করবে।” গ্রেট লার্নিং-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহন লখমরাজু জানান, স্কেলেবল এআই সিস্টেম তৈরিতে কম্পিউটার সায়েন্সের শক্তিশালী ভিত্তি প্রয়োজন, যা এই কোর্সটি দেবে। এই প্রোগ্রামটি মূলত সফটওয়্যার ডেভেলপার, আইটি পেশাদার, ডেটা সায়েন্টিস্ট এবং নতুন স্নাতকদের জন্য তৈরি। সফল শিক্ষার্থীরা আইআইটি বোম্বে থেকে ‘ই-অ্যালামনাই’ স্ট্যাটাস পাবেন।