হায়দ্রাবাদে শুরু হলো ‘ইন্ডিয়া জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ২০২৬’

কোটাক মহিন্দ্রা ব্যাংক আজ ‘ইন্ডিয়া জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ২০২৬’-এর সূচনার কথা ঘোষণা করেছে, যা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন দ্বারা অনুমোদিত জুনিয়র টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি ১৯ থেকে ২৩ অগাস্ট হায়দ্রাবাদের ‘কোটাক পুলেল্লা গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-তে আয়োজিত হচ্ছে।

ভারতে ক্রীড়া প্রতিভাকে লালন করার দীর্ঘমেয়াদী অঙ্গীকারের অংশ হিসেবে কোটাক মহিন্দ্রা ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে কোটাক এই বিশ্বমানের অ্যাকাডেমি প্রতিষ্ঠায় সাহায্য করেছে, যা বিশেষজ্ঞ কোচিং, উন্নত পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক সুযোগের মাধ্যমে তরুণ ব্যাডমিন্টন প্রতিভা অন্বেষণ ও বিকাশে কাজ করে।

আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট ‘ইন্ডিয়া জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ২০২৬’ তরুণ অ্যাথলিটদের বিশ্বমানের প্রতিভাদের বিপক্ষে খেলে মূল্যবান বিডব্লিউএফ (BWF) র্যা ঙ্কিং পয়েন্ট অর্জনের সুযোগ দিচ্ছে। এটি একাধিক দেশের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব ও আন্তঃসাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির পাশাপাশি উদীয়মান ভারতীয় শাটলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা এনে দেবে।

ক্রীড়া পরিকাঠামো ও অ্যাথলিটদের উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে কোটাক দেশের ব্যাডমিন্টন ইকোসিস্টেমকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। হায়দ্রাবাদে ধারাবাহিকভাব এই আয়োজন শহরটির অবস্থান আরও মজবুত করছে এবং স্থানীয় ও প্রতিবেশী রাজ্যের খেলোয়াড়দের ঘরের কাছেই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার প্রেরণা জোগাচ্ছে।

কোটাক মহিন্দ্রা ব্যাংকের সিএসআর ও ইএসজি হেড হিমাংশু নিভসরকর বলেন, “গোপীচাঁদ অ্যাকাডেমি তরুণ প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদীয়মান খেলোয়াড়দের সম্ভাবনা উন্মোচনে ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের এমন উদ্যোগকে সমর্থন করতে পেরে আমরা গর্বিত।”

ভারতীয় ব্যাডমিন্টন দলের প্রধান জাতীয় কোচ পুলেল্লা গোপীচাঁদ বলেন, “জুনিয়র স্তরে আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলোয়াড়দের ভিন্ন ধারার কৌশলের বিরুদ্ধে দক্ষতা পরীক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে। সমর্থন জানানোর জন্য কোটাক মহিন্দ্রা ব্যাংককে ধন্যবাদ।”

এবারের আসরে ভারত, ইংল্যান্ড, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র ও ইউএই-র ২২৫ জনের বেশি জুনিয়র খেলোয়াড় সিঙ্গেলস ও ডাবলসে অংশ নিচ্ছে। ১৯ অগাস্ট উদ্বোধনের পর ২৩ অগাস্ট ফাইনাল ও পুরস্কার বিতরণীর মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে।