শক্তিশালী হয়ে উঠছে ভারত

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সামরিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনীর সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে।

জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনী শীঘ্রই অত্যাধুনিক প্রযুক্তির মাইন ডিটেক্টর পেতে চলেছে। যার মাধ্যমে ধাতুর পাশাপাশি প্লাস্টিক, কাঠ এবং সিরামিক দিয়ে তৈরি লুকনো বিস্ফোরকও সহজেই শনাক্ত করা যাবে। প্রতিরক্ষা মন্ত্রক সেনাবাহিনীর জন্য ৩৮৬ টি নিউ জেনারেশনের ডুয়াল টেকনোলজি মাইন ডিটেক্টর ক্রয় করতে প্রায় ২৯০ কোটি টাকার একটি বিশাল টেন্ডার জারি করেছে।

এদিকে, এই সিদ্ধান্তটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন সন্ত্রাসবাদে মদত দেওয়া ও শত্রুভাবাপন্ন দেশগুলি প্রচলিত ধাতব ল্যান্ডমাইনের পরিবর্তে নন-মেটালিক IEDs ও মাইন ক্রমবর্ধমানভাবে ব্যবহার করছে। বর্তমানে সেনাবাহিনীর কাছে থাকা মেটাল ডিটেক্টর সিস্টেমগুলির এই ধরণের বিস্ফোরক শনাক্ত করার ক্ষমতা সীমিত।