ইন্দ্রিয়া নিয়ে এলো উৎসবের নতুন সম্ভার ‘পদ্মিকা’

উৎসবের মরসুমে আদিত্য বিড়লা গ্রুপের জুয়েলারি ব্র্যান্ড ‘ইন্দ্রিয়া’ লঞ্চ করল তাদের নতুন ২২ ক্যারেট সোনার উৎসব স্পেশাল কালেকশন ‘পদ্মিকা’। দেবী লক্ষ্মীর মহিমা এবং শুভ সূচনা ও সমৃদ্ধির প্রতীক দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কালেকশনটি সাজানো হয়েছে। পদ্মিকা শব্দের অর্থ ‘পদ্ম থেকে যাঁর জন্ম’।

এই কালেকশনের অন্যতম বিশেষত্ব হলো বিলুপ্তপ্রায় বেনারসি ‘গুলাবি মীনাকারি’ ও ‘নীল মীনাকারি’ শিল্পের পুনরুদ্ধার। চকচকে হলুদ সোনার ওপর পদ্ম, শঙ্খ, গজ, শ্রীফল, কলস এবং কাসু মুদ্রার মতো সনাতন প্রতীকগুলোকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। নকশায় যুক্ত হয়েছে কুন্দন জড়াই, বেণি তার, হাঁসুলি, রাওয়া ও চন্দ্রকের সূক্ষ্ম কারিগরি।

এই লঞ্চ উপলক্ষে ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি বলেন, “উৎসবের মরসুম উদযাপনের এক বিশেষ সময়। পদ্মিকার মাধ্যমে আমরা সেই আনন্দ ও সমৃদ্ধির চিরন্তন অনুভূতিকে গয়নায় ফুটিয়ে তুলতে চেয়েছি। ভারতের সমৃদ্ধ গয়নাশিল্পের ঐতিহ্য রক্ষা করা এবং গুলাবি মীনাকারির মতো হারিয়ে যেতে বসা শিল্পকে আধুনিক দৃষ্টিকোণে ফিরিয়ে আনা আমাদের অন্যতম লক্ষ্য। এই সংগ্রহ উৎসবের স্মৃতিগুলোকে বছরের পর বছর অমলিন করে রাখবে।”

ইন্দ্রিয়ার হেড অব ডিজাইন অভিষেক রাস্তোগি যোগ করেন, “পদ্মিকার মূল ভাবনাটি শুরু হয়েছিল মাঙ্গলিক চেতনা এবং আমাদের উৎসব উদযাপনের সঙ্গে এর গভীর যোগের অনুভূতি থেকে। সমুদ্র মন্থনের কাহিনী এবং মহাজাগতিক সমুদ্র থেকে পদ্মের ওপর উপবিষ্ট দেবী লক্ষ্মীর আবির্ভাবের ঘটনাটি আমাদের সমৃদ্ধি ও পুনর্জন্মের মূল সুর সমৃদ্ধ এক অনুপম ডিজাইনের দিশা দেখিয়েছে। আমরা তাঁর কাহিনীর সঙ্গে জড়িত প্রতীকগুলোকে কেবল রূপক হিসেবে দেখিনি, বরং সেগুলোর অন্তর্নিহিত তাৎপর্যকে অনুধাবন করে নতুন প্রজন্মের জন্য সমকালীন ঐতিহ্যের অলঙ্কার হিসেবে তাদের নতুন রূপ দিয়েছি। এর পাশাপাশি আমরা বেনারসি মীনাকারির মাধ্যমে এতে নরম গোলাপি রঙের ছোঁয়া এনেছি, যা এই ঐতিহ্যবাহী কারুশিল্পে এক অপূর্ব সতেজতা যোগ করেছে। এই গয়নাগুলির মূল শিকড় ভারতীয় ঐতিহ্যে প্রোথিত তবে আধুনিক উৎসবের সাজেও মানানসই।” নেকলেস, কানের দুল থেকে শুরু করে চুড়ির বৈচিত্র্যে সমৃদ্ধ ‘পদ্মিকা’ সমসাময়িক ফ্যাশন ও চিরাচরিত ভারতীয় সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন।