আবহাওয়া দফতরের রবিবাসরীয় ও সোমবারের বুলেটিন অনুযায়ী, কলকাতায় আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে দুপুর বা বিকালের পর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনো বৃষ্টিপাত না হলেও, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম রূপ নিয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
মঙ্গলবার আলিপুরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বুধবার থেকে আগামী সোমবার, অর্থাৎ ৮ জুন পর্যন্ত আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সপ্তাহের প্রতিদিনেই তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রির মধ্যেই থাকবে।
বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকা এবং দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধির কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিকেলের দিকে হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ ক্ষণস্থায়ী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এখনই রাজ্য জুড়ে ভারী বা টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যেই মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কালিম্পং জেলার ঝালং-এ রাজ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ৩৩.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গবাসীকে এই ভ্যাপসা গরম সহ্য করেই চাতক পাখির মতো সন্ধ্যার বৃষ্টির অপেক্ষা করতে হবে।
