এবার বড় সুবিধা পেতে চলেছে রাজ্যবাসী

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার।

নবান্নে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একগুচ্ছ বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। পাশাপাশি সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ, নতুন মেডিক্যাল কলেজ এবং কম দামে ওষুধ দেওয়ার মতো একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, জুলাই মাস থেকেই বাংলার মানুষ আয়ুষ্মান কার্ড পেতে শুরু করবেন। প্রথম ধাপে স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত ৬ কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। পরে ধীরে ধীরে যাঁরা এখনও স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করেননি, তাঁদেরও এই প্রকল্পে যুক্ত করা হবে। আয়ুষ্মান ভারতের জন্য কেন্দ্র ইতিমধ্যেই ৯৭৬ কোটি টাকা অনুমোদন করেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।