পুজোর আকাশে নিম্নচাপের ভ্রুকুটি!

দুর্গাপুজোর আগে ফের নিম্নচাপের আশঙ্কা। অক্টোবরের মাঝামাঝি, অর্থাৎ পুজোর দিনগুলিতে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ফলে উৎসবের সময়ে বৃষ্টির সম্ভাবনা নিয়ে চিন্তায় বঙ্গবাসী।

বৃহস্পতিবার নদিয়া ও উত্তর ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দুপুর পর্যন্ত এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত ও তিনটি অক্ষরেখার প্রভাবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবার নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মহালয়ার দিন থেকে বৃষ্টি কিছুটা কমবে। কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও কোথাও কোথাও এক-দু’পশলা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও মহালয়া পর্যন্ত বৃষ্টি চলবে। রবিবার থেকে পাহাড়ে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। তবে পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে এখনও স্পষ্ট পূর্বাভাস মেলেনি। শুক্রবার এ বিষয়ে বিস্তারিত পূর্বাভাস দিতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর।