অ্যানিমেটেড ছবি ‘মহাপ্রভু জগন্নাথ’-এর মুক্তি ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। আগামী ১৭ জুলাই মুক্তির কথা থাকলেও ওড়িশা হাই কোর্টের স্থগিতাদেশের পর ছবির নির্মাতারা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
গত ৬ জুন ছবিটির টিজার প্রকাশের পর থেকেই আপত্তি জানাতে শুরু করে বিভিন্ন মহল। জগন্নাথ মন্দির প্রশাসনসহ কয়েকটি পক্ষ ছবির কিছু বিষয় নিয়ে আপত্তি তোলে। এরপর নির্মাতারা গজপতি মহারাজ ও মন্দির প্রশাসনের প্রতিনিধিদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন।
বুধবার, ১৫ জুলাই ওড়িশা হাই কোর্ট ছবিটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এই নির্দেশের বিরুদ্ধে নির্মাতাদের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সিনিয়র আইনজীবী দেবদত্ত কামাত প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির জরুরি শুনানির আবেদন জানান। তবে প্রধান বিচারপতি এদিন মামলাটি তালিকাভুক্ত না করলেও ১৭ জুলাই শুনানির আশ্বাস দিয়েছেন।
সুপ্রিম কোর্টে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, ‘মহাপ্রভু জগন্নাথ’ শিশুদের জন্য নির্মিত একটি অ্যানিমেটেড চলচ্চিত্র। আইনজীবীর দাবি, ছবির কাহিনি ‘স্কন্দ পুরাণ’-এর সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ নয়—এই যুক্তিতে হাই কোর্ট মুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) সিনেমাটোগ্রাফ আইন অনুযায়ী ছবিটিকে ছাড়পত্র দিয়েছে।
তবে প্রযোজকদের দাবি, ছবির শুরুতেই উল্লেখ করা হয়েছে এটি একটি কাল্পনিক কাহিনি এবং এর সঙ্গে বাস্তব ঘটনার কোনও সম্পর্ক নেই। তাঁদের বক্তব্য, ধর্মীয় বিশ্বাসে আঘাত করার কোনও উদ্দেশ্য নিয়ে ছবিটি তৈরি করা হয়নি। এখন সুপ্রিম কোর্টের শুনানির দিকেই নজর সকলের।
