পরিবেশ রক্ষায় সাইকেল ব্যবহারে জোর, র‍্যালিতে উপস্থিত বিধায়ক বিদ্যুৎ কুমার রায়

দক্ষিণ দিনাজপুর, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, ভারত সরকার-এর উদ্যোগে এবং সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজ বালুরঘাটে পালিত হল বিশ্ব সাইকেল দিবস। জটালি মোড় থেকে শুরু হয়ে বিজেপি মোড় ও হিলি মোড় পরিক্রমা করে র‍্যালিটি পুনরায় জটালি মোড়ে এসে শেষ হয়।

র‍্যালি শুরু হওয়ার আগে অংশগ্রহণকারীদের শপথ পাঠ করানো হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের প্রেক্ষিতে এবং পরিবেশ রক্ষার স্বার্থে দৈনন্দিন ছোটখাটো কাজে সাইকেল ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। মাই ভারতের পক্ষে উপস্থিত ছিলেন জেলা যুব আধিকারিক সৌরভ বর্মন ও অফিস কর্মী রাজেন্দ্র দাস।

এছাড়াও এলাকার বহু সাইকেলপ্রেমী ও সাধারণ মানুষ র‍্যালিতে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ শরীর ও দূষণমুক্ত সমাজ গড়তে সাইকেলের ব্যবহার বাড়াতে নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।