তলব করা হলো একাধিকজনকে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে রাজ্যে বহুদিন ধরেই কয়লা পাচার মামলা নিয়ে জোর চর্চা চলছে।

সেই মামলাতেই এবার নতুন করে সক্রিয় হল ইডি। ২০২৫ সালের নতুন কয়লা পাচার তদন্তে একাধিক কয়লা ব্যবসায়ী এবং এক প্রাক্তন পুলিশ অফিসারকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের সন্দেহ, পাচার চক্রকে ঘিরে আর্থিক লেনদেন এবং ‘প্রোটেকশন মানি’-র অভিযোগের সঙ্গে কয়েক জনের যোগ থাকতে পারে। সেই কারণেই আগামী সপ্তাহে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।

কয়লা পাচার মামলায় ইডি তদন্তের স্বার্থে মোট ৬ জনকে তলব করেছে। এই তালিকায় রয়েছেন কয়েক জন পরিচিত কয়লা ব্যবসায়ী এবং এক প্রাক্তন ওসি। ইডি সূত্রে খবর, কৃষ্ণা কয়াল, রীতেশ সিং, লোকেশ সিং, যুধিষ্ঠির ঘোষ, নরেন্দ্র খারকা এবং প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।