রাজ্যের দ্বিতীয় আইআইটি কি এবার গড়ে উঠতে চলেছে কোচবিহারে? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জল্পনা, কারণ এমনই ইঙ্গিত দিলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক ও বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু।
রবিবার কোচবিহার ল্যান্সডাউন হলে বিভিন্ন সামাজিক সংগঠনকে নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত সেই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন্দ্র বসু জানান, কোচবিহারে আইআইটি স্থাপনের বিষয়ে তিনি উদ্যোগী হয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
তিনি বলেন, কোচবিহারে আইআইটি স্থাপন হলে উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় মেধাবী ছাত্রছাত্রীরা আরও বড় সুযোগ পাবে। তাঁর দাবি, এই বিষয়ে দিল্লি ও কলকাতা উভয় জায়গাতেই আলোচনা হয়েছে।
রথীন্দ্র বসু আরও বলেন, কোচবিহারে একাধিক ডিগ্রি কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এছাড়া প্রতি বছর এই জেলা থেকে বহু মেধাবী শিক্ষার্থী উঠে আসেন। ফলে দীর্ঘদিন ধরেই এখানে একটি বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি রয়েছে।
বর্তমানে রাজ্যে একমাত্র আইআইটি রয়েছে খড়গপুরে, যা দেশের প্রথম আইআইটি-গুলির মধ্যে অন্যতম। সেই প্রেক্ষিতে কোচবিহারে নতুন আইআইটি স্থাপনের সম্ভাবনা নিয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। তবে এই বিষয়ে এখনও সরকারি কোনো চূড়ান্ত ঘোষণা না এলেও, বিধায়কের বক্তব্য ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
