ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস লিমিটেড আজ তাদের লক্ষ্ণৌ প্ল্যান্ট থেকে ১০ লক্ষতম বাণিজ্যিক যানের যাত্রার সূচনার মাধ্যমে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। উত্তরপ্রদেশে গত সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে শিল্প উৎকর্ষ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করছে টাটা মোটরস। এই বিশেষ ১০ লক্ষতম যানটি ছিল একটি নির্গমনহীন বৈদ্যুতিক বাস। এটি উত্তরপ্রদেশ সরকারের ২০৭০ সালের ‘নেট-জিরো’ লক্ষ্যমাত্রা অর্জনে পথপ্রদর্শক এবং টাটা মোটরস-এর ২০৪৫ সালের সবুজ গতিশীলতা অর্জনের লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে তৈরি করা হয়েছে।
উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং টাটা সন্স-এর চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন এই ঐতিহাসিক যানটির যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং টাটা মোটরস-এর এমডি ও সিইও গিরিশ ওয়াঘ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “টাটা মোটরস-এর লক্ষ্ণৌ প্ল্যান্ট থেকে ১০ লক্ষ ট্রাক ও বাস তৈরি হওয়া পুরো রাজ্যের জন্য গর্বের বিষয়। আমাদের লক্ষ্য উত্তরপ্রদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা, যেখানে শিল্প ও উদ্যোক্তারা মূল ভূমিকা পালন করবেন। টাটা মোটরস-এর এই সাফল্য আমাদের রাজ্যের উন্নত পরিকাঠামো এবং দক্ষ জনশক্তিরই প্রতিফলন।”
টাটা সন্স-এর চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন বলেন, “এই মাইলফলক উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের পরিচয় দেয়। তিন দশকেরও বেশি সময় ধরে সরকার ও জনগণের সহযোগিতায় আমরা শিল্প উৎকর্ষ বজায় রাখতে পেরেছি।“
