টিসিআই সিওয়েজের বহরে যুক্ত হল নতুন জাহাজ ‘টিসিআই সেটু’

ভারতের উপকূলীয় পণ্য পরিবহণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে নতুন ৫০০ টিইইউ ক্ষমতাসম্পন্ন কন্টেনারবাহী জাহাজ ‘টিসিআই সেতু’-এর দায়িত্বভার গ্রহণ করল ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (টিসিআই) শাখা টিসিআই সিওয়েজ। গত ২৯ অক্টোবর ২০২৬ জাহাজটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়।
প্রায় ৭,৩০০ মেট্রিক টন ডেডওয়েট ক্ষমতাসম্পন্ন এই জাহাজটি যুক্ত হওয়ায় টিসিআই সিওয়েজের বহরে জাহাজের সংখ্যা বেড়ে হল সাত। এর ফলে চেন্নাই, বিশাখাপত্তনম, আন্দামান দ্বীপপুঞ্জ ও মায়ানমারের মধ্যে উপকূলীয় পণ্য পরিবহণ পরিষেবা আরও শক্তিশালী হবে।
চিনের তাইঝৌ সানফু শিপ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড জাহাজটি তৈরি করেছে। উন্নত নির্মাণশৈলী, নির্ভরযোগ্য পরিচালন ব্যবস্থা এবং কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তির মাধ্যমে পরিবেশবান্ধব সামুদ্রিক পরিবহণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জাহাজটি তৈরিতে ১৭৮.৮ কোটি টাকা বিনিয়োগ করেছে সংস্থা। সম্পূর্ণ অর্থ সংস্থার নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হয়েছে। চুক্তিবদ্ধ দু’টি জাহাজের মধ্যে এটিই প্রথম।
টিসিআই-এর ম্যানেজিং ডিরেক্টর বিনীত আগরওয়াল জানান, ভারতের ভবিষ্যৎ লজিস্টিক পরিকাঠামোয় উপকূলীয় পরিবহণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সড়ক ও রেল পরিষেবার সঙ্গে উপকূলীয় পরিবহণকে যুক্ত করে আরও সাশ্রয়ী, সমন্বিত ও পরিবেশবান্ধব বহুমুখী পরিবহণ নেটওয়ার্ক গড়ে তোলাই সংস্থার লক্ষ্য।
লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে আধুনিক জাহাজ প্রযুক্তিতে বিনিয়োগ, বহর সম্প্রসারণ এবং বহুমুখী পরিবহণ ব্যবস্থার সংযোগ আরও শক্তিশালী করার উদ্যোগ চালিয়ে যাবে টিসিআই সিওয়েজ।