তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্রের চেহারা নিল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট! উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাস্তা অবরোধের চেষ্টা চালায় উত্তেজিত জনতা। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ও বাস, জখম হন একাধিক পুলিশকর্মী।
ঘটনার পর কড়া অ্যাকশনে কলকাতা পুলিশ, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস জানিয়েছেন, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল তুলকালাম কাণ্ডের পর আজ সকাল থেকেই থমথমে পার্ক সার্কাস এলাকা।
রাস্তাঘাট প্রায় শুনশান। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন রয়েছে কলকাতা পুলিশও। পরিস্থিতি এখন থিতু হলেও রয়েছে চাপা উত্তেজনা।
