জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নতুন আইনি বিতর্কের সূত্রপাত হয়েছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন ২০২৬ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের নাম অন্যায্যভাবে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
অধীর রঞ্জন চৌধুরীর দাবি, এই প্রক্রিয়ায় সাধারণ ভোটারদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং দ্রুত আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। মামলায় অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, SIR-২০২৬-এর নামে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, কোনও ব্যক্তিকে নিজের বক্তব্য জানানোর সুযোগ না দিয়েই নথির ছোটখাটো ত্রুটিকে কারণ দেখিয়ে নাম বাতিল করা হয়েছে।
পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক মুর্শিদাবাদে, যেখানে প্রায় ৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। সুপ্রিমকোর্টে দাখিল করা আবেদনে আরও বলা হয়েছে, নাম বাদ যাওয়ার বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলেও সেই ব্যবস্থাই কার্যত অকার্যকর হয়ে পড়েছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করার পর শুনানির গতি আরও শ্লথ হয়েছে বলে অভিযোগ।
