মামলার শুনানি হলো সুপ্রিমকোর্টে

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার আই-প্যাককে ঘিরে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন এখন চরমে। সেই বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি।

বিচারপতি পি কে মিশ্র ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। ইডি অভিযোগ করেছে, গত ৮ জানুয়ারি আই-প্যাক দপ্তরে তল্লাশির সময় তাদের কাজে বাধা দেওয়া হয়েছিল। সেই কারণেই তারা সুপ্রিম কোর্টে আবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছে। ইডির দাবি, প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী ও শীর্ষ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। সেই সময় গুরুত্বপূর্ণ ডিজিটাল ডিভাইস ও নথি সরিয়ে নেওয়া হয়।

এমনকি এক ইডি আধিকারিকের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর ফলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। রাজ্যের দাবি, আই-প্যাক তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশলের সঙ্গে যুক্ত, তাই সেখানে থাকা তথ্য অত্যন্ত গোপনীয়। সেই তথ্য রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।