বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ভোটের আগে ইডি স্ক্যানারে রাজ্যের দুই মন্ত্রী। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বিধানসভা ভোটের ঠিক মুখে ইডি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক শিবির। জানা গিয়েছে, মন্ত্রী সুজিত বসুকে সোমবার এবং রথীন ঘোষকে বুধবার সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, ২৬ বিধানসভা নির্বাচনে সুজিত বিধাননগরে এবং রথীন মধ্যমগ্রামেই প্রার্থী হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীনকে তলব করেছিল ইডি। সে সময় মন্ত্রীর বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। অন্যদিকে এর আগে একই দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিতের দফতর এবং বাড়িতে অভিযান চালায় ইডি।
