ডিজেল ও টিন্ডারের যৌথ কালেকশন

প্রাইড ২০২৬ উদযাপনের লক্ষ্যে একটি অনন্য সৃজনশীল অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘ডিজেল’ এবং শীর্ষস্থানীয় ডেটিং অ্যাপ ‘টিন্ডার’। যৌথ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ফর সাকসেসফুল লাভিং’। এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের আত্মপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাতন্ত্র্য এবং অন্তর্ভুক্তিকে সবার সামনে তুলে ধরতেই এই বিশেষ ক্যাপসুল কালেকশন এবং গ্লোবাল ক্যাম্পেইনের সূচনা করা হয়েছে। ডিজেল-এর ঐতিহাসিক ‘ফর সাকসেসফুল লিভিং’ আইডিয়াকে নতুন করে সাজিয়ে এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে। এতে ডিজেলের সাহসী ফ্যাশনের সঙ্গে টিন্ডারের মনের মিল ও ভালোবাসার ভাবনাকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে পুরোনো দিনের ক্যাসেট (VHS) স্টাইলের একটি চমৎকার ভিডিও সিরিজ বানানো হয়েছে। আমেরিকান শিল্পী ও ডিজাইনার গিগি গুড এই ভিডিওগুলো তৈরি করেছেন, যেখানে তিনি আজকের দিনের ভালোবাসার নানান রূপ নিয়ে বিভিন্ন মানুষের থেকে খোলামেলা সাক্ষাৎকার নিয়েছেন।

উভয় ব্র্যান্ডের যৌথ নামের এই ১৭ পিসের ক্যাপসুল কালেকশনে পুরুষ, মহিলা এবং ইউনিসেক্স রেডি-টু-ওয়্যার ডেনিম ও অ্যাক্সেসরিজ থাকছে। কালেকশনটির মধ্যে রয়েছে ডেভোরে বার্নআউট জার্সি টি-শার্ট, ট্রম্প ল’অয়েল লেস লিঙ্গারি, লোগো আন্ডারওয়্যার, ডেনিম বেসবল হ্যাট এবং কাস্টম কি-চেইন। প্রতিটি পোশাকেই একটি জ্যাকোয়ার্ড ট্যাগ রয়েছে, যেখানে উভয় ব্র্যান্ডের লোগো এবং স্লোগানটি দেখা যাবে।

ডিজেল-এর ক্রিয়েটিভ ডিরেক্টর গ্লেন মার্টেনস বলেন, “এই প্রকল্পটি একটি যৌথ মনোভাবকে প্রতিফলিত করে, যেখানে কোনো নিয়ম নয়, কেবল নিজের শর্তে একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার স্বাধীনতা থাকে।” অন্যদিকে টিন্ডার-এর চিফ মার্কেটিং অফিসার মেলিসা হোবলি যোগ করেন, “এই কালেকশনটি অন্বেষণ, দৃশ্যমানতা এবং আত্মিক সংযোগের চেতনাকে উদযাপন করে।” ফ্যাশন লাইনের পাশাপাশি, ডিজেল (ওটিবি ফাউন্ডেশনের মাধ্যমে) এবং টিন্ডার যৌথভাবে ‘আউটরাইট ইন্টারন্যাশনাল’-কে ২ লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়েছে। এই অর্থ জুলাই ২০২৬ থেকে জুন ২০২৭ পর্যন্ত কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন এবং ফিলিপাইনে এলজিবিটিকিউআইএ+ ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করবে। এই বিশেষ কালেকশনটি বিশ্বব্যাপী নির্দিষ্ট কিছু ডিজেল স্টোরে এবং Diesel.com-এ পাওয়া যাচ্ছে।