আসানসোলের এইচএলজি মোড় থেকে হাউজিং কলোনি যাওয়ার রাস্তায় শুক্রবার সন্ধ্যায় কথিত গরু পাচারের অভিযোগে দুই যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই যুবক দুটি বাছুর নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁদের আটকে রাখা হয়। ঘটনার খবর পেয়ে বিজেপির জেলা নেতা অভিজিৎ রায়, প্রসেনজিৎ মণ্ডল, কার্তিক-সহ দলের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পরে স্থানীয়রা আটক দুই যুবককে তাঁদের উপস্থিতিতে পুলিশের হাতে তুলে দেন। ধৃত দুই যুবকের নাম জাবেদ ও কালাম বলে জানা গিয়েছে।
খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন আসানসোল নর্থ থানা এবং কন্যাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পাশাপাশি দুটি বাছুরও নিজেদের হেফাজতে নেয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গরু পাচারের অভিযোগের কোনও সরকারি বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে।
