ভারতের প্রথম মেট্রো রেল ‘কলকাতা মেট্রো’ তাদের ক্রমবর্ধমান পরিবহন ব্যবস্থার দক্ষতা, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা বাড়াতে প্রযুক্তি সংস্থা এবিবি-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। বর্তমানে এই ৭২ কিমি দীর্ঘ মেট্রো নেটওয়ার্ক প্রতিদিন ৩০০টিরও বেশি ট্রিপে প্রায় ৫ লক্ষ যাত্রীকে পরিষেবা দিচ্ছে। শহরের যানজট কমাতে এবং পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মেট্রোর বিভিন্ন স্টেশন ও টানেলে এবিবি-র উন্নত বিদ্যুতায়ন এবং মোশন-কন্টট্রোল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে গ্যাস-ইনসুলেটেড সুইচগিয়ার, বজ্রপাত সুরক্ষা ব্যবস্থা এবং ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এই প্রযুক্তিগুলো কম জায়গা নিয়ে মেট্রোর কাজ সচল রাখে এবং বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়া, এবিবি মোশনের বিশেষ ড্রাইভগুলো স্টেশন ও টানেলের ভেন্টিলেশন ও কুলিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যাত্রীদের আরাম নিশ্চিত করে এবং জরুরি অবস্থায় ধোঁয়া নিষ্কাশনে সাহায্য করে। এটি গড়ে প্রায় ২৫% বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম।
এবিবি ইন্ডিয়ার ইলেকট্রিকেশনের প্রেসিডেন্ট কিরণ দত্ত বলেন, “স্মার্ট শহুরে পরিবহনের জন্য দক্ষ প্রযুক্তির প্রয়োজন এখন সবচেয়ে বেশি। আজ দেশের ৮০% মেট্রো নেটওয়ার্কে এবিবি প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। গত ২৫ বছর ধরে এবিবি কলকাতা মেট্রোর সাথে কাজ করছে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় স্থানীয় উৎপাদন ও উদ্ভাবনের মাধ্যমে আমরা ভারতের আধুনিক ও টেকসই পরিবহন ব্যবস্থার স্বপ্নকে সমর্থন জানাচ্ছি।”
এই প্রযুক্তিগুলো শিয়ালদহ-ফুলবাগান, জোকা-মাঝেরহাট, বিমানবন্দর, ব্লু লাইন করিডোর এবং ভারতের বৃহত্তম ভূগর্ভস্থ স্টেশন ‘জয় হিন্দ বিমানবন্দর’ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে বসানো হয়েছে। বিদ্যুৎ বণ্টন থেকে শুরু করে এয়ার কন্ডিশনিং পর্যন্ত সব পরিকাঠামো সামলে এই প্রযুক্তিগুলো কলকাতা মেট্রোর উন্নয়নে বিশেষ অবদান রাখছে। ১৪০ বছরেরও বেশি ইতিহাসের অধিকারী এবিবি বিশ্বজুড়ে বিদ্যুতায়ন ও অটোমেশনের অন্যতম শীর্ষস্থানীয় নাম।
কলকাতা মেট্রোর দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে এবিবি-এর প্রযুক্তি ব্যবহার
