শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ডে ভাঙচুর, ভোটের আগে চরম ভোগান্তিতে যাত্রীরা

শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ডে আজ সকাল থেকেই ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আসন্ন নির্বাচনের আগে বাড়ি ফেরার তাড়ায় যাত্রীদের অস্বাভাবিক ভিড় দেখা যায়। কিন্তু পর্যাপ্ত বাস না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক যাত্রী বাস পাননি। এতে ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষারত মানুষজন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বাসস্ট্যান্ডের অফিসের ভিতরে টিকিট কাউন্টারে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, উত্তেজিত যাত্রীরা কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করে দেন। ঘটনায় বাসস্ট্যান্ড চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, এনবিএসটিসির ইনচার্জ সমীর সরকার জানান, নির্বাচন কমিশনের নির্দেশে বহু বাস অন্যত্র কাজে নিয়োজিত থাকায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে নির্ধারিত সময়ে অতিরিক্ত বাস চালানো সম্ভব হয়নি। এই কারণেই যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তিনি আরও বলেন, “যাত্রীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে পড়েন। সেই ক্ষোভ থেকেই কিছু যাত্রী টিকিট কাউন্টারের কম্পিউটারে আঘাত করেন।”

ঘটনার জেরে বাসস্ট্যান্ডে পরিষেবা কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে  শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ এবং নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। প্রশাসনের তরফে যাত্রীদের শান্ত থাকার আবেদন জানানো হয়েছে।