ভোডাফোন আইডিয়ার এন্টারপ্রাইজ পরিষেবা শাখা ভি বিজনেস, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে ওড়িশার রায়গড়া জেলার বাফলিমালি বক্সাইট খনিতে একটি বিশেষ বেসরকারি নেটওয়ার্ক স্থাপন করতে চলেছে। ভি বিজনেসের জন্য এটিই প্রথম বেসরকারি নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ।
বহু বছরের এই চুক্তির আওতায় নেটওয়ার্কের সম্পূর্ণ পরিকাঠামো স্থাপন ও পরিচালনার দায়িত্বে থাকবে ভি বিজনেস। এর মধ্যে স্পেকট্রাম, কোর নেটওয়ার্ক, রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) এবং পরিচালন সংক্রান্ত পরিষেবা অন্তর্ভুক্ত। এই নেটওয়ার্ক খনির বিভিন্ন অংশে নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। পাশাপাশি, হিন্দালকোর ইন্ডাস্ট্রি ৪.০ এবং ডিজিটাল রূপান্তরের উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংস্থা দুটির দাবি, এই নেটওয়ার্কের মাধ্যমে খনিতে কর্মীদের নিরাপত্তা, যানবাহন পরিচালনা, ড্রোন ও সিসিটিভির সাহায্যে নজরদারি এবং তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে কাজকর্ম পর্যবেক্ষণ আরও সহজ হবে। এর ফলে কাজের দক্ষতাও বাড়বে। খনির সমস্ত কাজকর্মের উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি এবং তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সমন্বিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারও তৈরি করা হবে।
ভি বিজনেসের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার এম পি সুনীল কুমার বলেন, জটিল শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী বিশেষ বেসরকারি নেটওয়ার্ক তৈরি ও পরিচালনার ক্ষেত্রে সংস্থার সক্ষমতার প্রমাণ এই উদ্যোগ।
হিন্দালকো ইন্ডাস্ট্রিজের অ্যালুমিনিয়াম আপস্ট্রিম বিভাগের সিইও কৈলাস পান্ডে জানান, এই নেটওয়ার্কের মাধ্যমে খনির কাজকর্ম আরও সংযুক্ত, স্বয়ংক্রিয় ও তথ্যনির্ভর হয়ে উঠবে। পাশাপাশি, কর্মীদের নিরাপত্তা এবং কাজের দক্ষতা আরও জোরদার হবে।
এই উদ্যোগ বাফলিমালি খনির দায়িত্বশীল খননকার্যের লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি খনিটি অ্যালুমিনিয়াম স্টুয়ার্ডশিপ ইনিশিয়েটিভের (ASI) পারফরম্যান্স স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন পেয়েছে। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন সংক্রান্ত স্বীকৃত মানদণ্ড মেনে চলার স্বীকৃতি হিসেবেই এই শংসাপত্র দেওয়া হয়েছে।
