বড় ঘোষণা প্রকল্প নিয়ে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। পশ্চিমবঙ্গে পালাবদলের পর এবার ওবিসি সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। বাতিল হল মমতার জমানার ওবিসি সংরক্ষণ নীতি।

মুসলিম সম্প্রদায়ের জন্য চালু থাকা ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এছাড়া OBC সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম দ্রুত কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, ক্ষমতায় এসে তৃণমূল ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করেছিল। তৃণমূল আমলে বহু মুসলিম গোষ্ঠীর নাম ওবিসি সংরক্ষণ তালিকার আওতায় আনা হয়। যা নিয়ে বিতর্ক কম হয়নি। প্রথমে মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্ট ও তারপর সুপ্রিম কোর্টে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল তৎকালীন তৃণমূল সরকার।