দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। একের পর এক প্রতিশ্রুতি পূরণে তৎপর বিজেপি।
বিজেপি সরকার গঠনের পর সোমবার নব্বান্নে দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠক থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নীতিগত অনুমোদনের কথা বলা হল। এদিন ক্যাবিনেট মিটিং শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকেই উপভোক্তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। অগ্নিমিত্রা পাল জানালেন ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।”
তিনি জানান, “সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের জন্য খুব শীঘ্রই পোর্টাল খোলা হবে।’ আগেও পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন। অগ্নিমিত্রা পাল বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেক মহিলা ও শিশুর উত্তরণের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। মাসে ৩০০০ টাকা। সেই প্রতিশ্রুতি পূরণ করা হল।’
