সীমান্তে মা*দক পাচার রুখতে তৎপর বিএসএফ, দোবিলায় উদ্ধার গাঁ*জা

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের স্বরূপনগরের দোবিলা সীমান্ত এলাকা থেকে ৩৫ কেজি ৯২০ গ্রাম গাঁজা উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে মাদক পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১০২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দোবিলা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ান। ওই এলাকা দিয়ে গাঁজা পাচারের চেষ্টা হতে পারে বলে আগাম সতর্কতা জারি করা হয়েছিল।

অভিযোগ, বিএসএফের নজরদারি বুঝতে পেরে পাচারকারীরা গাঁজার প্যাকেটগুলি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে প্যাকেটগুলি উদ্ধার করেন জওয়ানরা। উদ্ধার হওয়া গাঁজা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, এর পিছনে কারা জড়িত এবং এই ঘটনার সঙ্গে কোনও আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ।