‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে চর্চা, কবে থেকে শুরু শুটিং?

বলিউডের অন্দরমহলের অজানা গল্প, তারকা সংস্কৃতি, গ্ল্যামার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা কাহিনীর ইঙ্গিত রয়েছে পুরো সিরিজ জুড়ে। ‘দ্য ব্যাডস অব বলিউড’, দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এই সিরিজ। ২০২৫-এ প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় ভাগ নিয়ে জোর চর্চা বলিউডে।

সূত্রের খবর, বছর দুয়েকের মধ্যেই ফের পরিচালকের আসনে দেখা যেতে পারে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। যদিও নেটফ্লিক্স বা রেড চিলিজ এন্টারটেনমেন্টের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই দ্বিতীয় সিজনের জন্য গল্প ও স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। চিত্রনাট্য রচনায় রয়েছেন বিলাল সিদ্দিকি। আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু পরিকল্পনা রয়েছে বলেই খবর।

সব মিলিয়ে এখনও নিশ্চিত খবর না এলেও, সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা তুঙ্গে। দ্বিতীয় সিজনের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরাও।