গণতন্ত্র ও সংবিধান রক্ষার পাশাপাশি ভোটার তালিকায় স্বচ্ছতার দাবিতে দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। বুধবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচির কথা ঘোষণা করেন সর্বভারতীয় কংগ্রেসের অবজারভার সঞ্জয় কাপুর।
সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন সঞ্জয়। তাঁর অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের নিয়ে একটি গণসমাবেশের আয়োজন করা হবে। পাশাপাশি, ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত প্রচার চালিয়ে সাধারণ মানুষকে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার বিষয়ে সচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ভোটার তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংবিধানের মর্যাদা রক্ষার দাবিতে দেশজুড়ে জনমত গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী দিনে এই আন্দোলন আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে দলের।
