উৎসবের মরশুমে অ্যামাজন-ফ্লিপকার্টে ইয়েজদির তিন বাইক

উৎসবের মরশুমে অ্যামাজন ও ফ্লিপকার্টে ২০২৬ সালের নতুন মোটরসাইকেলের সম্ভার নিয়ে এল জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস। নতুন রং ও চালকদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি এই সম্ভারে রয়েছে ইয়েলো ফ্যালকন অ্যাডভেঞ্চার, গ্রিন মাম্বা রোডস্টার এবং গ্রে প্যান্থার স্ক্র্যাম্বলার।

ইয়েলো ফ্যালকন অ্যাডভেঞ্চারে রয়েছে টিউবলেস ক্রস-স্পোক চাকা এবং ৩৩৪ সিসির তরল-শীতলীকরণ প্রযুক্তির ইঞ্জিন, যা ২৯.৬ পিএস শক্তি ও ২৯.৮ এনএম টর্ক উৎপন্ন করে। গ্রিন মাম্বা রোডস্টারে রয়েছে ম্যাট সবুজ রং, বাদামি আসন, তামাটে নকশা, ৩৩৪ সিসির ইঞ্জিন, ছয়-গতির গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। গ্রে প্যান্থার স্ক্র্যাম্বলারে রয়েছে ধাতব ধূসর রং, বাদামি আসন ও ট্যাঙ্ক প্যাড এবং ৩৩৪ সিসির ইঞ্জিন। এটি ৩০ পিএস শক্তি ও ৩০ এনএম টর্ক উৎপন্ন করে। সংস্থার দাবি, বাইকটির মাইলেজ প্রতি লিটারে ৩০ কিলোমিটার।

ক্লাসিক লেজেন্ডসের সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা জানান, তিনটি বাইকই আলাদা ধরনের যাত্রার কথা মাথায় রেখে তৈরি। অনলাইন থেকে বাইক বেছে নিয়ে প্রদর্শিত শোরুম-বহির্ভূত মূল্য দেওয়া যাবে। পরে অনুমোদিত বিক্রেতা অর্ডার নিশ্চিত করে বাকি টাকা ও নথিপত্রের কাজে সাহায্য করবেন। নিবন্ধন ও বিমা সম্পূর্ণ হলে নিকটবর্তী জাওয়া- ইয়েজদি বিক্রয়কেন্দ্র থেকে বাইক নেওয়া যাবে।

সংস্থার ৪৫০টিরও বেশি বিক্রয়কেন্দ্রের পাশাপাশি রয়েছে ‘ওনারশিপ অ্যাসিওরেন্স প্রোগ্রাম’। এর আওতায় চার বছর বা ৫০ হাজার কিলোমিটারের সাধারণ ওয়ারেন্টি, সর্বোচ্চ ছয় বছরের বর্ধিত ওয়ারেন্টি, আট বছর পর্যন্ত পথের জরুরি সহায়তা এবং সর্বোচ্চ পাঁচ বছরের বার্ষিক রক্ষণাবেক্ষণ পরিষেবা মিলবে। দেশজুড়ে ৪৫০টিরও বেশি বিক্রয় ও পরিষেবা কেন্দ্রে এই সুবিধা পাওয়া যাবে। শর্ত প্রযোজ্য।