শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে ঝড়, ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগ গৌতম দেবের

চলতি সপ্তাহেই প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সপ্তাহের শুরুতেই, সোমবার সকাল থেকে জোর কদমে শুরু হয় নির্বাচনী প্রচার। শহরের বিভিন্ন প্রান্তে প্রার্থীদের ব্যস্ততা চোখে পড়ে, আর তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব নামেন জনসংযোগ অভিযানে।

সকাল থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। এলাকায় তার এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে যথেষ্ট উৎসাহ দেখা যায়, অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে কথোপকথনে অংশ নেন।

প্রচার কর্মসূচির ফাঁকেই এলাকার রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে পুজো দিতেও দেখা যায় গৌতম দেবকে। ধর্মীয় আচার পালনের পাশাপাশি তিনি এলাকার শান্তি ও উন্নতির জন্য প্রার্থনা করেন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এভাবেই জোরদার হচ্ছে প্রচারের গতি, যা আগামী দিনে আরও তীব্র হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।