ঘরের প্রতিটি কোণ সেজে উঠবে আকর্ষণীয় গোল টেবিলে, কীভাবে সাজাবেন? 

সময়ের সাথে সাথে গৃহসজ্জায় এসেছে নানা বদল। বিভিন্ন নান্দনিক জিনিসের মধ্যে অন্দরসজ্জার একটি অপরিহার্য অংশ হিসেবে জুড়েছে টেবিল। তবে শুধুই চৌকো বা আয়তাকার টেবিলের গণ্ডিতে আটকে না থেকে এখন অনেকেই ঝুঁকছেন গোল টেবিলের দিকে। আধুনিক অন্দরসজ্জায় এই পরিবর্তন শুধু রুচির নয়, প্রয়োজনেরও।

কেন বেছে নেবেন গোল টেবিল?

১) নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য

গোল টেবিলে ধারালো কোণ না থাকায় ছোট জায়গায় চলাফেরার সময় ধাক্কা লাগার আশঙ্কা কম। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই ধরনের টেবিল অনেকটাই নিরাপদ।

২) দৃষ্টিনন্দন নকশা

চৌকো বা আয়তাকার টেবিলের তুলনায় গোল টেবিল দেখতে আলাদা এবং আকর্ষণীয়। ঘরের সাজে এটি এক ধরনের নরম, ভারসাম্যপূর্ণ সৌন্দর্য এনে দেয়, যা চোখের পক্ষেও আরামদায়ক।

৩) সহজ যোগাযোগ

গোল ডাইনিং টেবিলে বসলে সবাই প্রায় সমদূরত্বে থাকেন। ফলে খাওয়ার সময় খাবার নেওয়া বা গল্পগুজব সবই হয় আরও স্বচ্ছন্দে।

কীভাবে সাজাবেন ঘর?

খাওয়ার টেবিল

গোলাকার ডাইনিং টেবিল ঘরের সাজে এক নতুন মাত্রা যোগ করতে পারে। কাঠ বা মার্বেল উভয় ধরনের টেবিলই এখন আধুনিক নকশায় সহজলভ্য। পরিবারের সদস্য সংখ্যা ও ঘরের আয়তন অনুযায়ী টেবিলের আকার নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ। মার্বেলের টেবিল এখন আর শুধু সাবেকি নয়, আধুনিক ইন্টিরিয়রের সঙ্গেও তা দারুণ মানিয়ে যায়। অন্যদিকে, কারুকার্য করা কাঠের টেবিল এনে দেয় আভিজাত্যের ছোঁয়া।

ঘরের কেন্দ্রবিন্দু হিসেবে টেবিল

বসার ঘরে সোফার সামনে বা পাশে, এমনকি শোবার ঘরেও একটি মাঝারি আকারের গোল টেবিল হতে পারে আকর্ষণের কেন্দ্র। পাথরের দুই-তলা টেবিল বা নকশা করা গোল থামের উপর টপ। এই ধরনের ডিজাইন অন্দরসজ্জায় নতুন  মাত্রা যোগ করবে।

কফি টেবিল

নিচু সোফার সঙ্গে মানানসই নিচু গোল কফি টেবিল বেছে নিতে পারেন। রট আয়রন, ধাতব নকশা করা পাথর কিংবা কাঠের তেপায়া, সবই এখন ট্রেন্ডে। ব্যবহারিক সুবিধার জন্য দ্বিস্তরীয় গোল টেবিলও হতে পারে চমৎকার পছন্দ।