ভারতের নিজস্ব ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট তাদের বিক্রেতা এবং ব্র্যান্ডগুলির জন্য পেশাদার বিজ্ঞাপন সাহায্য প্রদান করতে ‘সারথি’ নামে একটি নতুন পার্টনার প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করেছে। মূলত সব রকমের ব্যবসার জন্য ডিজিটাল বিজ্ঞাপনকে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যেই ফ্লিপকার্ট অ্যাডসের এই উদ্যোগ। সংস্কৃত শব্দ ‘সারথি’ (যার অর্থ রথচালক)-এর নামে নামকরণ করা এই প্রোগ্রামটি বিক্রেতাদের বিজ্ঞাপনের জটিলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে।
দুটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘সারথি’। প্রথমটি হলো একটি এআই-চালিত ক্যাম্পেইন ড্যাশবোর্ড, যা AtTheRate.ai-এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বিক্রেতারা রিয়েল-টাইম ডেটা, অটোমেটিক সতর্কতা এবং অ্যাকশনেবল ইনসাইট পাবেন। দ্বিতীয় স্তম্ভটি হলো একটি সার্টিফাইড এজেন্সি পার্টনার নেটওয়ার্ক, যার মধ্যে অ্যাকসেঞ্চার এবং ডেনসু’র মতো বিশ্বস্ত কনসালটেন্সিগুলি বিনামূল্যে বিক্রেতাদের সরাসরি ক্যাম্পেইন পরিচালনায় সাহায্য করবে। এই প্রসঙ্গে ফ্লিপকার্ট অ্যাডসের সহ-সভাপতি বিজয় আইয়ার বলেন, “কোনও বিক্রেতাই যেন বিজ্ঞাপন সংক্রান্ত দক্ষতার অভাবে পিছিয়ে না থাকে। সারথি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটি বিক্রেতা তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের সাহায্য বা শক্তিশালী এআই টুলের সুবিধা পেতে পারেন।”
\AtTheRate.ai-এর সহ-প্রতিষ্ঠাতা কপিল টাংরি জানান, “বিক্রেতাদের কেবল অতিরিক্ত ডেটা নয়, বরং সুনির্দিষ্টভাবে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত তা জানানোই ছিল আমাদের মূল লক্ষ্য।” অন্যদিকে, আমেদাবাদের ‘প্রোভেকটাস হেলথকেয়ার’-এর মালিক মেহুল প্যাটেল তাঁর অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “আগে বিজ্ঞাপন নিয়ে আমাকে অনেক চিন্তা করতে হতো। কিন্তু সারথি আসার পর আমার ব্যবসা পরিচালনা করা এবং কোন কৌশলটি কাজ করছে তা বোঝা অনেক সহজ হয়ে গিয়েছে।” বিনামূল্যে বিশেষজ্ঞ এজেন্সির সহায়তা এবং এআই টুলের সংমিশ্রণে তৈরি ‘সারথি’ প্রোগ্রামটি বিক্রেতাদের ব্যবসার বৃদ্ধিতে এবং ক্রেতাদের জন্য কেনাকাটার অভিজ্ঞতা আরও উন্নত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
