জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রতিশ্রুতি মতোই বেড়েছে ডিএ। রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের জন্য এসেছে বড়সড় সুখবর। একধাক্কায় ২০% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন করেছে সরকার।
আগে ১৮ শতাংশের সাথে ২০ যুক্ত হয়ে পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। বাজেটের ঘোষণা অনুযায়ী, রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। এদিকে প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের পর পরই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে।
