রুশ সেনায় যোগ নয়, ভারতীয়দের সতর্ক করলো সরকার

রাশিয়ার সশস্ত্র বাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের খবরের মধ্যেই ফের সতর্কবার্তা জারি করলো ভারত সরকার। বিদেশ মন্ত্রক (MEA) ভারতীয় নাগরিকদের রুশ সেনাবাহিনীতে যোগ না দেওয়ার পরামর্শ দিয়ে এটিকে “বিপজ্জনক ও জীবনহানির ঝুঁকিপূর্ণ পথ” বলে উল্লেখ করেছে।

৩০ শে সেপ্টেম্বর জারি করা বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত দুই বছর ধরে সরকার একাধিকবার রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার সঙ্গে জড়িত গুরুতর ঝুঁকি ও বিপদের বিষয়ে সতর্ক করেছে। বিদেশে চাকরির সুযোগ খোঁজার সময় অত্যন্ত সতর্ক থাকার এবং যাচাই না করা এজেন্ট বা বেসরকারি সংস্থার দেওয়া চাকরির প্রস্তাবে প্রলুব্ধ না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

মন্ত্রকের বক্তব্য, এমন বহু ঘটনা সামনে এসেছে যেখানে আর্থিক সুবিধার আশায় ভারতীয় নাগরিকরা স্বেচ্ছায় রুশ সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন। তাঁদের ধারণা ছিল, পরে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। তবে সরকার স্পষ্ট করেছে, এই পথ অত্যন্ত বিপজ্জনক এবং এ ধরনের পদক্ষেপকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।

এছাড়াও কিছু ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব স্বেচ্ছায় ত্যাগ করে রুশ পাসপোর্ট নিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সাময়িক আর্থিক সুবিধার প্রলোভনে কেউ কেউ ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ না করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এই ধরনের পদক্ষেপের গুরুতর পরিণতি এবং প্রাণহানির ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে সরকার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বর্তমানে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং তাঁদের দ্রুত ভারতে ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।