শিলিগুড়ির শিল্পী হাটে শুরু হস্তশিল্প মেলা, উত্তরবঙ্গের শিল্পীদের ১০০টি স্টল

পরিবর্তনের পর প্রথমবার শিলিগুড়ির পশ্চিমবঙ্গ শিল্পী হাটে আয়োজন করা হল হস্তশিল্প মেলার। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের শিল্পীরা। নিজেদের হাতে তৈরি নানা সামগ্রী নিয়ে হাজির হয়েছেন তাঁরা। মেলায় রয়েছে মোট ১৪১টি স্টল। এর মধ্যে প্রায় ১০০টি স্টলই উত্তরবঙ্গের শিল্পীদের।

মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দীপক বর্মন, আনন্দময় বর্মন এবং বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়। শুধু মেলা আয়োজনেই থেমে থাকতে চায় না দপ্তর। শিল্পী হাটের পরিকাঠামো সংস্কার, আধুনিকীকরণ এবং সারা বছর নিয়মিত ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। সপ্তাহে একদিন হাট বসানো যায় কি না, পাশাপাশি আম মেলা, শাড়ির মেলার মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এই চত্বরকে আরও প্রাণবন্ত করে তোলার বিষয়েও ভাবনাচিন্তা চলছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের হস্তশিল্প ও ক্ষুদ্রশিল্পের পণ্যকে আরও বড় বাজারে পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্যাকেজিং ও ব্র্যান্ডিংয়ে। বাংলার বিভিন্ন জিআই স্বীকৃত পণ্যকে দেশ-বিদেশের বাজারে তুলে ধরার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।