আইসিআইসিআই প্রুডেনশিয়ালে গড়ে ১৫ লক্ষ টাকার মৃত্যুজনিত দাবি পরিশোধ করেছে

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স ২০২৬ অর্থবর্ষে গড়ে ১৫ লক্ষ টাকা ব্যক্তিগত মৃত্যুজনিত বিমা দাবি মিটিয়েছে। সংস্থার দাবি, টানা দ্বিতীয় বছরও এই ক্ষেত্রে নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা।

শিল্পক্ষেত্রের তথ্য অনুযায়ী, ২০২১ অর্থবর্ষে সংস্থাটির গড় ব্যক্তিগত মৃত্যুজনিত বিমা দাবি ছিল প্রায় ১০ লক্ষ টাকা। ২০২৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ টাকায়। গত চার অর্থবর্ষে গড় মৃত্যু দাবি ১৪ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে ছিল। আয়, ঋণ এবং পারিবারিক দায়বদ্ধতার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ে সময়ে জীবনবিমার কভারেজ পর্যালোচনা করার গুরুত্বও এর মাধ্যমে উঠে এসেছে।

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ—আন্ডাররাইটিং অ্যান্ড রিটেল ক্লেমস সারং গোখলে জানান, ২০২৬ অর্থবর্ষে সংস্থাটি মোট ৫,১৪৯ কোটি টাকার মৃত্যুজনিত বিমা দাবি মিটিয়েছে।

তিনি বলেন, ২০২৬ অর্থবর্ষে সংস্থার ক্লেম সেটেলমেন্ট রেশিও ছিল ৯৯.৩ শতাংশ। তদন্তের প্রয়োজন নেই এমন ব্যক্তিগত দাবির ক্ষেত্রে শেষ নথি পাওয়ার তারিখ থেকে গড়ে মাত্র ১.১ দিনে দাবি নিষ্পত্তি করা হয়েছে। তাঁর মতে, এই পরিসংখ্যান গ্রাহক ও তাঁদের পরিবারের প্রতি সংস্থার প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকারকে তুলে ধরে।

সারং গোখলে আরও জানান, পরিবারগুলি যাতে দ্রুত আর্থিক সহায়তা পায়, সে জন্য দাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর পরিষেবা চালু করা হচ্ছে। একইসঙ্গে পলিসিহোল্ডারদের নিয়মিত জীবনবিমার কভারেজ পর্যালোচনা করার পরামর্শ দেন তিনি, যাতে তা তাঁদের পরিবর্তিত চাহিদা ও আর্থিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।