গাড়ির গোপন কুঠুরিতে সোনার বিস্কুট, বাগডোগরায় পুলিশের অভিযানে ধৃ*ত ২

চারচাকা গাড়ির ভিতরে গোপন চেম্বার তৈরি করে সোনা পাচারের অভিযোগ। পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে গেল বাগডোগরায়। এয়ারপোর্ট মোড় সংলগ্ন এলাকায় একটি চারচাকা গাড়ি আটক করে প্রায় ৪৬৫ গ্রাম সোনা উদ্ধার করেছে বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শবন কুমার ও রমন কুমার। দু’জনেই বিহারের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিলিগুড়ি থেকে বিহারে সোনা পাচারের উদ্দেশ্যেই ওই গাড়িতে সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের দাবি, পাচারকারীরা গাড়িটির ভিতরে একটি গোপন চেম্বার তৈরি করেছিল। সেখানেই লুকিয়ে রাখা হয়েছিল সোনার বিস্কুট। গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ এয়ারপোর্ট মোড় এলাকায় নজরদারি শুরু করে। সন্দেহজনক একটি গাড়ি আটক করে তল্লাশি চালাতেই গোপন চেম্বারের হদিস মেলে। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বৈধ নথি দেখাতে পারেননি ধৃতরা। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা বলে পুলিশের অনুমান। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।