হলদিবাড়িতে অবৈধ কচ্ছপের মাংস ব্যবসার পর্দাফাঁস, যৌথ অভিযানে গ্রেফতার ১

অবৈধ বন্যপ্রাণী পাচার ও বাণিজ্যের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বনদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থা  “স্পোর” (সোসাইটি ফর প্রোটেক্টিং ওফিওফনা অ্যান্ড অ্যানিম্যাল রাইটস)। রবিবার গোপন সূত্রে প্রাপ্ত নির্ভুল তথ্যের ভিত্তিতে হলদিবাড়ি এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে কচ্ছপের মাংস বিক্রির একটি চক্রের হদিস মেলে।SPOAR-এর সদস্যদের সহযোগিতায় পশ্চিমবঙ্গ বনদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। অভিযানের সময় এক ব্যক্তিকে হাতেনাতে কচ্ছপের মাংস বিক্রি করতে গিয়ে আটক করা হয়। পরবর্তীতে বনদপ্তর তাকে গ্রেফতার করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ভাগ্যধর রায়, তিনি হলদিবাড়ি ব্লকের কানাপাড়া এলাকার বাসিন্দা। উল্লেখ্য, ভারতে কচ্ছপ বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ১৯৭২-এর প্রথম তফসিলের আওতায় কঠোরভাবে সুরক্ষিত। কচ্ছপ হত্যা, তার মাংস সংরক্ষণ, বিক্রি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা গুরুতর ও অজামিনযোগ্য অপরাধ। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অর্থদণ্ড এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বনদপ্তর সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, কচ্ছপ সংগ্রহের উৎস এবং সম্ভাব্য ক্রেতাদের চিহ্নিত করার লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। বন্যপ্রাণ সংরক্ষণে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে SPOAR। সংস্থার পক্ষ থেকে সকলকে অবৈধ বন্যপ্রাণী শিকার, পাচার ও বাণিজ্যের বিরুদ্ধে সচেতন থাকার এবং এ ধরনের কোনও তথ্য জানা থাকলে অবিলম্বে বনদপ্তরকে জানানোর আহ্বান জানানো হয়েছে।