আইএসএলের টাইটেল স্পনসর জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া

তিন মরশুম পর ফের টাইটেল স্পনসর পেল ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। ২০২৬-২৭ মরশুমের টাইটেল স্পনসর হিসেবে । জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া-র সঙ্গে চুক্তি ঘোষণা করা হয়েছে। নতুন মরশুমে লিগের নাম হবে ‘এম জি ইন্ডিয়ান সুপার লিগ’।

১০ই অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন মরশুম। দর্শকদের অংশগ্রহণ বাড়ানো, ফুটবলকে আরও সহজলভ্য করা এবং ভারতে টেকসই ফুটবল পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে আইএসএলের। একইসঙ্গে ক্লাব-কেন্দ্রিক বাণিজ্যিক ব্যবস্থার নতুন অধ্যায়ে প্রবেশ করবে লিগ।
আইএসএলের সিইও করণ যাদব জানান, তিন মরশুম পর টাইটেল স্পনসরের প্রত্যাবর্তন ভারতীয় ফুটবলের প্রতি আস্থার প্রতিফলন। জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া-র চিফ কমার্শিয়াল অফিসার বিনয় রায়না বলেন, ফুটবলের সঙ্গে এমজি-র দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। লিভারপুল এফসি ও আর্সেনালের সঙ্গে অংশীদারিত্বের পাশাপাশি ভারতে ‘পাটান গার্লস’ ফুটবল দলকেও সহযোগিতা করেছে সংস্থা।

২০২৬-২৭ মরশুমে ফের পূর্ণ হোম-অ্যান্ড-অ্যাওয়ে ফরম্যাটে হবে আইএসএল। ১০ই অক্টোবর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচ দিয়ে শুরু হবে মরশুম। একই দিনে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসি।