কলকাতার GRSE-তে জলে ভাসল নৌসেনার নতুন যুদ্ধ জাহাজ ‘সংঘমিত্রা’

কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এর হাত ধরে ভারতের নৌসেনার যুদ্ধজাহাজ নির্মাণ কর্মসূচিতে এক নতুন এবং ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। কলকাতায় আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হলো ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি প্রথম ‘নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল’(NGOPV) বা পরবর্তী প্রজন্মের উপকূলবর্তী টহলদারী জাহাজ। নৌবাহিনীর এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটির নামকরণ করা হয়েছে ‘সংঘমিত্রা।GRSE-এর শিপইয়ার্ডে ভারতীয় নৌবাহিনীর পদস্থ আধিকারিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ সনাতনী রীতি মেনে, বৈদিক শ্লোক উচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎস্যায়ন-এর সহধর্মিণী সরিতা বাৎস্যায়ন।

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর ভারত’-এর বড় জয়:

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘সংঘমিত্রা’-র এই সফল লঞ্চিং ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের এক বিরাট সাফল্য। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আধুনিক রণতরীটি আগামী দিনে ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারির ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

কী এই ‘নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল’(NGOPV)?

এটি মূলত একটি বহুমুখী যুদ্ধজাহাজ, যা সমুদ্রের বিশাল এলাকায় টহল দেওয়া, চোরাচালান ও জলদস্যু দমন, এবং উপকূলবর্তী অঞ্চলের সুরক্ষায় নিয়োজিত থাকবে। শত্রুদেশের যেকোনো গতিবিধির ওপর কড়া নজর রাখার পাশাপাশি এটি আপৎকালীন উদ্ধারকাজেও অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম। কলকাতার মাটি থেকে দেশের প্রতিরক্ষায় GRSE-এর এই নতুন মাইলফলক অর্জন স্বভাবতই গর্বিত করেছে রাজ্য তথা গোটা দেশকে।