নেটফ্লিক্সে আসছে ভুবন বামের ‘ঢিন্ডোরা’ সিজন ২

নেটফ্লিক্সে আসছে ভুবন বামের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ঢিন্ডোরা’ সিজন ২-এর ট্রেলার, যা আগামী ২০ নভেম্বর মুক্তি পেতে চলেছে। বিবি কি ভাইনস-এর এই পাগলামীর দুনিয়ায় ভুবন বাম আবারও তার চিরচেনা রূপ নিয়ে হাজির হয়েছেন, যেখানে তিনি নিজেই পরিবারের সমস্ত চরিত্রে অভিনয় করেছেন। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সবার প্রিয় টিটু মামা, যিনি একে একে নানা ঝামেলায় জড়িয়ে পড়েন। এছাড়া বাবলু জী, জানকী, সমীর ও বাঞ্চোর মতো চরিত্রগুলোতেও ভুবন বামকেই দেখা যাবে। তবে এবারের সবচেয়ে বড় চমক হলো নতুন সংযোজন টিটু মামার স্ত্রী কবিতা মামী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সঞ্জীদা শেখ।

দ্বিতীয় সিজনের গল্পে দেখা যাবে টিটু মামা ১১ কোটি টাকার এক বিশাল লোকসানের মুখে পড়েছেন এবং তার পারিবারিক সমীকরণও মারাত্মকভাবে ওলটপালট হয়ে গিয়েছে। এই বিপদ থেকে বাঁচতে তিনি তার শ্বশুরবাড়ির সঙ্গে শান্তি স্থাপন করার চেষ্টা করেন, যা পরিস্থিতিকে আরও বেশি জটিল ও গোলমেলে করে তোলে। তিনি কি শেষ পর্যন্ত কোনো সমাধান খুঁজে পাবেন, নাকি সমস্যার পাহাড় বাড়বে? স্নেহা শেঠী কোহলির পরিচালনায় এই সিরিজটি লিখেছেন ভুবন বাম, আব্বাস দালাল, হুসেইন দালাল ও চেতন ডাঙ্গে। আর এটি প্রযোজনা করেছেন রোহিত রাজ ও ভুবন বাম।

অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর ভুবন বাম বলেন, “যখন প্রথম চরিত্রগুলো তৈরি করেছিলাম, তখন চেয়েছিলাম সেগুলো যেন অদ্ভুত অথচ চেনা লাগে। নেটফ্লিক্সের সাথে পার্টনারশিপ করায় আমরা বিবি কি ভাইনস ইউনিভার্সকে অনেক বড় ক্যানভাসে তুলে ধরতে পেরেছি।”সঞ্জীদা শেখ জানান, “ভুবনের সঙ্গে কবিতা মামী ও টিটু মামার রসায়ন ফুটিয়ে তুলতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে।” পরিচালক স্নেহা শেঠী কোহলি বলেন, “বিচিত্র সব অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে চমৎকার গান প্রতিটি দিনই দারুণ এক অভিজ্ঞতার মধ্য দিয়ে কেটেছে।”