বড়পর্দায় নতুন গোয়েন্দা! সৌজন্যে সৃজিত

ফেলুদা, ব্যোমকেশ বক্সী ও কাকাবাবুর পর এবার বড়পর্দায় আসতে চলেছে আরও এক নতুন গোয়েন্দা— কানাইচরণ। রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট এই কাল্পনিক গোয়েন্দাকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

সৃজিত জানান, এর আগে একাধিক জনপ্রিয় গোয়েন্দা চরিত্র নিয়ে কাজ করেছেন তিনি। তাঁর কথায়, “প্রতিটি গোয়েন্দা চরিত্রেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কানাইচরণের চরিত্রায়ণ, কলকাতার সঙ্গে তার সম্পর্ক এবং তার স্বতন্ত্র মেজাজ আমাকে আকৃষ্ট করেছে। রাজর্ষি দাস ভৌমিকের লেখা পড়েই এই চরিত্রকে বড়পর্দায় আনার সিদ্ধান্ত নিই।”

পরিচালক লেখকের সমস্ত গোয়েন্দা কাহিনি পড়েছেন। সেখান থেকে ‘কালাপানির দিশা’ গল্পকে অবলম্বন করে ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ছবিতে কানাইচরণের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। এছাড়াও থাকবেন টোটা রায়চৌধুরী, অনুজয় চট্টোপাধ্যায়, ইধিকা পাল, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এবং সুমন্ত মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে তাঁদের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি পরিচালক। অগাস্ট মাস থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিটি প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস।