আসন্ন রথযাত্রা উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকের আয়োজন করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শুক্রবার দুর্গাপুরের নেতাজি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে শহরের বিভিন্ন রথযাত্রা আয়োজক কমিটির প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সুবীর রায়, দুর্গাপুর থানার ওসি, বিভিন্ন ফাঁড়ির আইসি, ট্রাফিক বিভাগের আধিকারিক-সহ কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিক। বৈঠকে রথযাত্রা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, উৎসব চলাকালীন বিভিন্ন এলাকায় নজরদারি আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন পুলিশ আধিকারিকরা।
এদিনের বৈঠকে ইসকন মন্দিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওদর্য চন্দ্র দাস। এছাড়াও দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তাঁরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে রথযাত্রা উৎসব সম্পন্ন করার আশ্বাস দেন।
