প্রয়াত ‘মৌচাক’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। গত এক বছর মুম্বইয়েই তাঁর চিকিৎসা চলছিল।

১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিঠুর। তবে ১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা’ ছবিতে মর্জিনার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের নজরে আসেন। এরপর ‘নিশিকন্যা’, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘প্রতিমা’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।

বাংলা ছবির পাশাপাশি হিন্দি ও ওড়িয়া ছবিতেও কাজ করেছেন তিনি। ১৯৭৬ সালে ‘খান দোস্ত’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন। অভিনয় করেছেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর-সহ বহু বিশিষ্ট শিল্পীর সঙ্গে।

প্রায় দুই দশকের অভিনয়জীবন শেষে পর্দা থেকে সরে গেলেও ‘মৌচাক’-এর নীপা ও ‘মর্জিনা আবদুল্লা’-র মর্জিনা-র মতো চরিত্রের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন মিঠু।