হকারি বন্ধ ও জরিমানার প্রতিবাদে নিউ জলপাইগুড়ি স্টেশনে বি*ক্ষোভ

নিউ জলপাইগুড়ি স্টেশনে হকারি বন্ধ, জরিমানা ও মামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাল রাষ্ট্রবাদী রেলওয়ে হকার্স ইউনিয়ন। সোমবার স্টেশনের আরপিএফ অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনে শামিল হন হকাররা।

হকারদের অভিযোগ, গত ২৭ দিন ধরে স্টেশনে হকারি করতে গেলেই তাঁদের ২ হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি, একাধিক হকারের বিরুদ্ধে মামলা দেওয়ারও অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এই পেশার ওপর নির্ভরশীল হকাররা কাজ হারানোর আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেন।

আন্দোলনকারীদের দাবি, রেলের নিয়ম মেনে হকারি করার সুযোগ না দিলে তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাঁরা রেলের আওতাধীন আইআরসিটিসিতে কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম মেনে স্টেশনে পণ্য বিক্রির অনুমতি দেওয়ার দাবি জানান।

হকারদের বক্তব্য, আচমকা জীবিকার পথ বন্ধ হয়ে গেলে তাঁদের পরিবার-পরিজন নিয়ে চরম সমস্যায় পড়তে হবে। তাই মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।