বলিউডে ‘কোণঠাসা’ রণবীর! 

নতুন বিতর্কের মুখে অভিনেতা রণবীর সিংহ। খবর, এফডব্লিউআইসিই (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ)-এর তরফে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সূত্রের দাবি, ডন ৩ থেকে অভিনেতার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরেই এই বিতর্কের সূত্রপাত।

পরিচালক ফরহান আখতারের অভিযোগ, ছবির কাজ শুরুর আগেই হঠাৎ করে প্রকল্প থেকে বেরিয়ে যান রণবীর। সিদ্ধান্ত বদলের আগে অভিনেতাকে নোটিস পাঠানো হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে তাতেও নাকি পরিস্থিতির সমাধান হয়নি।

এফডব্লিউআইসিই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিলে তবেই রণবীরের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। একই সঙ্গে বলিউডের অন্যান্য শিল্পী ও কলাকুশলীদেরও তাঁর সঙ্গে কাজ না করার অনুরোধ জানানো হয়েছে।

যদিও গোটা বিতর্কে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রণবীর। তাঁর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রণবীর সম্পূর্ণ ইন্ডাস্ট্রি এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেককে গভীরভাবে সম্মান করেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি ইচ্ছাকৃতভাবেই নীরব থেকেছেন। কারণ তাঁর বিশ্বাস, পেশাগত আলোচনা পারস্পরিক সম্মান বজায় রেখেই সামলানো উচিত।”