দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে রাজ্যর বাংলায় রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের শিল্প, কর্মসংস্থানের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নিয়েই এখন জোর চর্চা চলছে।
এই আবহেই কলকাতার ‘ভারত চেম্বার অফ কমার্স’-এর মঞ্চ থেকে শিল্প ও বাণিজ্য নিয়ে বড় বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে শিল্পহীনতার অভিযোগে বিদ্ধ পশ্চিমবঙ্গকে ফের বিনিয়োগের মানচিত্রে তুলে আনতে নতুন সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর ব্যবসায়ী মহলের।
রাজ্যের শিল্পক্ষেত্রের অতীত পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আগামী মাত্র ১০০ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের শিল্প ও উৎপাদন ক্ষেত্রে আমরা এমন কিছু বৈপ্লবিক পদক্ষেপ বা বড় ধামাকা করতে চলেছি, যা দেখার পর আপনারা প্রত্যেকে আমাদের নতুন সরকারের ভূয়সী প্রশংসা করতে বাধ্য হবেন।”
