একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসছে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে রাজ্যর চাকরি নিয়োগ, শিক্ষা, রেশন এবং আবাস প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে সরব হয়েছে সরকার। এবার সরকারি স্কুলের ইউনিফর্ম বিতরণ নিয়েও উঠল গুরুতর প্রশ্ন।

নিম্নমানের কাপড়, ভুল মাপের পোশাক এবং বরাদ্দ প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ সামনে আসতেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য তৈরি ইউনিফর্মের মান নিয়ে ওঠা একাধিক অভিযোগ আলোচনায় উঠে আসে।

বৈঠকে বস্ত্র দফতর ও অর্থ দফতরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানতে চান, যে ইউনিফর্মগুলি এতদিন ধরে স্কুলগুলিতে সরবরাহ করা হয়েছে, সেগুলির গুণগত মান পরীক্ষা করা হয়েছিল কি না। কোন সংস্থাকে কী নিয়মে বরাত দেওয়া হয়েছিল এবং সেই বরাদ্দের ক্ষেত্রে কোনও অনিয়ম ছিল কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুরো বিষয়টির তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।