স্কোডা অটো নিয়ে এলো মন্টে কার্লো রেঞ্জে দুটি নতুন ডুয়াল টোন রঙ

স্কোডা অটো ইন্ডিয়া তাদের স্লাভিয়া মন্টে কার্লো রেঞ্জে ‘শিমলা গ্রিন’ এবং ‘স্টিল গ্রে’ এই দুটি নতুন এবং এক্সক্লুসিভ ডুয়াল-টোন রঙের বিকল্প যুক্ত করেছে। ব্র্যান্ডের বিখ্যাত রিলে মন্টে কার্লো ঐতিহ্য ও ডায়নামিক ডিজাইনের সমন্বয়ে তৈরি এই বিশেষ সীমিত সংস্করণের মাত্র ২০০টি ইউনিট বাজারে আনা হয়েছে, যা এক অনন্য মালিকানার অনুভূতি দেবে। স্কোডা অটো ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর আশীষ গুপ্ত জানান, স্লাভিয়া মন্টে কার্লো গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এবং এই নতুন রঙের সংযোজন মডেলটির প্রিমিয়াম ও স্পোর্টি রূপকে আরও আকর্ষণীয় করে তুলবে।

নতুন রঙের পাশাপাশি এই গাড়িতে রয়েছে ব্লাক-আউট এক্সটেরিয়র, লাল-কালো প্রিমিয়াম ইন্টেরিয়র এবং অত্যাধুনিক ক্যাবিন। এটি ১.০-লিটার টিএসআই (১-লিটার ৩-সিলিন্ডার, ১১৫ পিএস) ৬-স্পিড অটোমেটিক এবং ১.৫-লিটার টিএসআই (১.৫-লিটার ৪-সিলিন্ডার, ১৫০ পিএস) ৭-স্পিড ডিএসজি (DSG) ইঞ্জিনের বিকল্পে পাওয়া যাচ্ছে। ১.৫-লিটার টিএসআই ইঞ্জিনে রয়েছে বিশেষ ‘অ্যাক্টিভ সিলিন্ডার প্রযুক্তি’ (ACT), যা জ্বালানি সাশ্রয়ে অত্যন্ত কার্যকরী।

মোটরস্পোর্টসের জগতে স্কোডার এক শতাব্দীরও বেশি সময় ধরে সক্রিয় উপস্থিতি রয়েছে এবং ১৯১২ সাল থেকে মন্টে কার্লো রিলের সঙ্গে তাদের সংযোগকে সম্মান জানাতেই এই বিশেষ ট্রিমটি তৈরি করা হয়। সম্প্রতি কোয়েম্বাটোরের কোঅ্যাস্ট ট্র্যাকে স্লাভিয়া মন্টে কার্লো, কুশাক মন্টে কার্লো, কাইলাক, কোডিয়াক এবং অক্টাভিয়া আরএস, স্কোডার এই পাঁচটি গাড়ি যৌথভাবে মাত্র ১২:৩০.৯৭ মিনিটে ল্যাপ সম্পূর্ণ করে ইন্ডিয়া ও এশিয়া বুক অব রেকর্ডসে ‘দ্রুততম মাল্টি-কার রিলে’-র নতুন নজির গড়েছে। এর মাধ্যমেই সংস্থাটি তাদের ‘Greatest On A Track is a Škoda On A Track’ ক্যাম্পেইনের সূচনা করেছে।