কঠিন প্রতিযোগিতার শেষে সকলকে পিছনে ফেলে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিজয়ীর মুকুট জিতলেন ওড়িশার কন্যা জ্যোতির্ময়ী নায়ক। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরা। বিজয়ী ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি।
রবিবার গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিচারক শ্রেয়া ঘোষালের হাত থেকে ট্রফি গ্রহণ করেন জ্যোতির্ময়ী। পাশাপাশি বিজয়ী হিসেবে পান ২০ লক্ষ টাকার চেক। অনুষ্ঠানের অন্যান্য ফাইনালিস্টদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়।
বিজয়ী হওয়ার পর আবেগঘন হয়ে জ্যোতির্ময়ী বলেন, “বিচারক, দর্শক এবং শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হত না। ট্রফি হাতে নেওয়ার মুহূর্তেও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি জিতে গিয়েছি। আমি সত্যিই অভিভূত।”
তিনি জানান, ছোটবেলা থেকেই এই ট্রফি জয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে মোবাইলের ওয়ালপেপারেও ‘ইন্ডিয়ান আইডল’-এর ট্রফির ছবি রেখেছিলেন। তাঁর কথায়, “কঠোর পরিশ্রম এবং নিজের প্রতি অগাধ বিশ্বাসই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।”
