নয়া মোড় নিলো মামলা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নয়া মোড়। এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

তাঁকে গ্রেফতার করে আগামী ১০ দিনের মধ্যে রাজ্য পুলিশকে এই বিষয়ে একটি বিশদ রিপোর্ট জমা করতে বলা হয়েছে। এদিকে এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সজল সরকার জামিন চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। সেই সঙ্গেই অবিলম্বে প্রশান্তকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারপতি।

জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডের পর প্রায় ৮ মাস কেটে গেলেও মূল অভিযুক্ত অধরা থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, প্রশান্তকে গ্রেফতার করা তো হয়ইনি, এমনকি চার্জশিটেও তাঁর সম্বন্ধে কোনও স্পষ্ট উল্লেখ নেই। এরপরেই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়।